ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
সময়: ০৪:৩৪:১১ AM

ইতিহাসে ফ্যাসিস্টের ফেরার নজির নেই: আমান

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
29-09-2026 07:57:01 PM
ইতিহাসে ফ্যাসিস্টের ফেরার নজির নেই: আমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, ইতিহাস বলে যে ফ্যাসিস্ট একবার দেশ থেকে পালিয়ে যায়, সে আর ফিরে আসতে পারে না।তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস ও পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট পালিয়ে গিয়ে আবার ক্ষমতায় ফিরতে পারেনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে’ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

আমান উল্লাহ আমান বলেন, যে ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়ে গেছে, তারা এখন নানা ধরনের হুংকার দিচ্ছে এবং দেশে ফিরে আসার কথা বলছে।কিন্তু ইতিহাস বলে, কোনো ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর আর ফিরে আসতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। তাদের পলাতক নেতাকর্মীদের চাঙ্গা করার জন্যই এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিএনপি বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জনগণের পাশে ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা থেকে শুরু করে জনগণের নিরাপত্তা ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন।

পরে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বর্তমান সরকার জনগণের কথা বলার অধিকার নিশ্চিত করেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করা হচ্ছে এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সরকার পরিচালনা করা হচ্ছে।

আমান উল্লাহ আমান বলেন, দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। ২০২৪ সালের জুলাই-আগস্টে যেভাবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, একইভাবে এখনো ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে।

বিএনপি নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন গণতন্ত্রের ওপর আঘাত করতে না পারে ও পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

তবে কাউকে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমিরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফুসহ সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশ শেষে সভাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।