ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
সময়: ০৪:০৮:৫৪ AM

বিএনপি ‘ফিটনেসবিহীন সরকারঃহাসনাত

ষ্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
14-10-2026 08:57:34 AM
বিএনপি ‘ফিটনেসবিহীন সরকারঃহাসনাত

বিএনপি সরকারের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাষ্ট্র সংস্কারের পরিবর্তে সরকার ক্ষমতাকেন্দ্রিক ব্যবসা, দুর্নীতি ও আওয়ামী লীগকে পুনর্বাসনের পথে হাঁটছে। তাঁর দাবি, রাষ্ট্রকাঠামোর পরিবর্তন না হওয়ায় শুধু ক্ষমতার চেয়ার বদলেছে, কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এনসিপির জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণবিষয়ক কমিটি ‘জুলাই গণহত্যার বিচার: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান’ শীর্ষক এ সভার আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারকে এমন একটি ফিটনেসবিহীন গাড়িতে তুলে দেওয়া হয়েছে, যার ইঞ্জিন ও চাকা ঠিক নেই। চালক যত দক্ষই হোন না কেন, গাড়ির মৌলিক কাঠামো ঠিক না থাকলে গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়। তিনি এই উদাহরণের মাধ্যমে বিএনপি সরকারের কার্যক্রম ও রাষ্ট্র পরিচালনার কাঠামোর সমালোচনা করেন।

তিনি বলেন, রাষ্ট্রকাঠামোর পরিবর্তন এবং সবার জন্য ন্যায়সংগত আচরণ নিশ্চিত করাই ছিল প্রত্যাশা। কিন্তু বাস্তবে কেউ সংসদ সদস্য, কেউ মন্ত্রী ও কেউ প্রতিমন্ত্রী হয়েছেন; ব্যক্তিগত অবস্থানের পরিবর্তন হলেও রাষ্ট্রব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কার হয়নি।

বিএনপির একটি অংশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের অভিযোগ তুলে হাসনাত বলেন, বিএনপির মুখে জুলাই থাকলেও অন্তরে আওয়ামী লীগের প্রতি সমর্থন রয়েছে—এমন পরিস্থিতি রাজনীতিতে অস্বস্তি তৈরি করছে। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতন, মামলা ও কারাবরণের শিকার বিএনপির পুরোনো নেতাকর্মীরা দলে যথাযথ গুরুত্ব পাচ্ছেন না। বিপরীতে, ৫ আগস্টের পর দলে যুক্ত হওয়া একটি অংশ ব্যবসায়িক সুবিধা ও প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে। তবে এসব অভিযোগের পক্ষে তিনি বিস্তারিত প্রমাণ উপস্থাপন করেননি।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার মামলাগুলোর তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হাসনাতের অভিযোগ, ভুক্তভোগীদের সঙ্গে যথাযথ আলোচনা ছাড়াই অনেক মামলায় বিপুলসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে। পরবর্তী সময়ে এসব মামলাকে অর্থ আদায় ও আপস-বাণিজ্যের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগও করেন তিনি।

তিনি দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল এবং আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি জানান। তাঁর মতে, তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা প্রকৃত অপরাধীদের বিচারের বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করছে।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, সরকার ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার কথা বললেও বর্তমান পরিস্থিতিতে তা অর্জন কঠিন। এ সময় তিনি আইএমএফের পূর্বাভাসে প্রবৃদ্ধি ৩ দশমিক ৪২ শতাংশে নেমে আসার বিষয়টি উল্লেখ করেন। কর্মসংস্থান, ডিলারশিপ বণ্টন ও সরকারি ঠিকাদারি কাজে রাজনৈতিক প্রভাবশালী পরিবারের সদস্যদের সুবিধা পাওয়ার অভিযোগও তোলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দায়িত্বে থাকা সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, সম্পদ বৃদ্ধি ও প্রভাব খাটানোর অভিযোগও করেন হাসনাত। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে হাসনাত বলেন, শুধু ব্যক্তিবিশেষ নয়, দল হিসেবেও আওয়ামী লীগকে জবাবদিহির আওতায় আনতে হবে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের সঙ্গে যুক্ত ন্যাশনাল পার্টির উদাহরণ টেনে তিনি দ্রুত বিচার, আদালতের রায় কার্যকর এবং পলাতক আসামিদের ফিরিয়ে আনার দাবি জানান।

বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘদিন নির্যাতন-নিপীড়ন সহ্য করেও অনেকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছেন। জনগণের জন্য কাজ করা, দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ।