ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
সময়: ০৪:০৭:৪৮ AM

ফ্যাসিবাদ পুনরাবৃত্তি করবে না বিএনপি:রিজভী

ষ্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
12-10-2026 08:49:30 PM
ফ্যাসিবাদ পুনরাবৃত্তি করবে না বিএনপি:রিজভী

বিএনপি নেতাকর্মীদের ফ্যাসিবাদী আমলের আচরণের পুনরাবৃত্তি না করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।তিনি বলেন, বিএনপি এমন কোনো আচরণ করবে না, যা অতীতের ফ্যাসিবাদী শাসনামলের কথা মনে করিয়ে দেয়।দলের নেতাকর্মীদের সহনশীলতা, দায়িত্বশীলতা ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করতে হবে।সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হান্নান শাহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
 রিজভী বলেন, রাজনীতি করে রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা করা যাবে না।সারের ডিলারশিপ বা ঠিকাদারি পাওয়ার জন্য দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামকে বিসর্জন দেওয়া উচিত নয়। বিএনপির নেতাকর্মীদের এমন আচরণ করতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের সহনশীল ও দায়িত্বশীল হিসেবে দেখতে পায়।
 তিনি বলেন, অতীতে মানুষের জায়গা-জমি দখল, অর্থ লুটপাট ও নানা ধরনের অনিয়মের অভিযোগ ছিল। বিএনপি সেই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি করবে না। দলটির লক্ষ্য শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। এ জন্য তৃণমূলের নেতাকর্মীদেরও নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে।

রিজভী আরও বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সমৃদ্ধ করার জন্য কাজ করছেন। বর্তমান সময়ে নানা সংকট মোকাবিলা করতে হচ্ছে সরকারকে। 
 জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ডিজেল আমদানি ব্যাহত হওয়ায় কৃষি ও শিল্প খাতে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সরকার সংকট মোকাবিলায় কাজ করছে। 

ধীরে ধীরে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে এবং রান্নার গ্যাসের সংকটও কাটতে শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।দেশের অর্থনীতি ও জনজীবনে স্বস্তি ফেরাতে সরকারের উদ্যোগে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

হান্নান শাহর স্মৃতিচারণ করে রিজভী বলেন, তিনি ছিলেন সাহস, সততা ও কর্তব্যনিষ্ঠার প্রতীক। সেনাবাহিনীতে দায়িত্ব পালনের পর রাজনীতিতে এসে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তোলার সুযোগ ছিল না।

তিনি বলেন, দুঃসময়ে হান্নান শাহ দলের পাশে দাঁড়িয়েছেন এবং অন্যায়ের বিরুদ্ধে সাহসের সঙ্গে কথা বলেছেন। তার জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অনেক কিছু শেখার আছে।

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, পূজা উদ্‌যাপন যেন নির্বিঘ্ন হয়, সে জন্য সংশ্লিষ্ট পূজা কমিটি ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলোচনা করে মণ্ডপগুলোর নিরাপত্তায় সহযোগিতা করতে হবে। নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ দায়িত্ব পালন করতে হবে।স্মরণসভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য ফজলুল হক মিলন। এ সময় বক্তব্য দেন গাজীপুর জেলা প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, সংসদ সদস্য মো. মজিবুর রহমান, বিএনপির গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপি নেতা মো. জেড খান রিয়াজ উদ্দিন নসু, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, হুমায়ুন কবীর খান ও ওমর ফারুক সাফিনসহ অনেকে।