ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬,
সময়: ০২:০২:৩৭ AM

মিঠামইন উপজেলার বহিস্কৃত বিএনপি নেতার বিদায়

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
17-07-2026 11:51:48 AM
মিঠামইন উপজেলার বহিস্কৃত বিএনপি নেতার বিদায়

দলীয় পদ ফিরে পাওয়ার চিঠি হাতে পাওয়ার আগেই ভাড়াটে খুনিদের হামলায় প্রাণ গেল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (সাময়িক স্থগিত) জাহিদুল আলম জাহাঙ্গীরের। রাস্তার পাশের সরকারি গাছ কাটার অভিযোগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় বিএনপি জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্যপদসহ উপজেলা সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত করেছিল। পরে তিনি স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করেন। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় বিএনপি তার স্থগিতাদেশ প্রত্যাহার করে। তবে সেই চিঠি তার হাতে পৌঁছানোর আগেই দুর্বৃত্তদের হামলায় নিহত হন তিনি।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মিঠামইন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন রুবেল নিজের ফেসবুক আইডিতে স্থগিতাদেশ প্রত্যাহারের চিঠি প্রকাশ করে আবেগঘন একটি স্ট্যাটাস দেন।

এতে তিনি লেখেন, ‌‘মাত্রই তো গত শনিবার এই চিঠির জন্য ঢাকা গেলাম আপনাকে নিয়ে, কিন্তু চিঠি আপনার হাতে আসার আগেই আপনি আমাদের ছেড়ে চলে গেলেন। এত তাড়া ছিল শান্তিতে ঘুমানোর। আমার বাবা চলে গেলেন গত জুলাই মাসে। ১ বছর ও হয়নি। তখন আপনি সান্ত্বনা দিয়েছিলেন। তখনো পুরোপুরি এতিম হইনি। আজ আপনি চলে গেলেন পুরো এতিম বানিয়ে, আপনি আমাকে ছেলের মত আদর করতেন। আপনার সাথে দীর্ঘ ১৯ বছরে পথচলায় সবসময় সন্তানের স্নেহ দিয়েছেন। আমার পিতার আসনে ছিলেন, আমার পরিবারের সকলেই আপনাকে আমার প্রকৃত অভিভাবক মনে করত। আজ অভিভাবক হারা হয়ে গেলাম। আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুন।তবে আপনি শান্তিতে ঘুমান, আমি কিন্তু ঘুমাব না আপনার সন্তান হয়ে সন্তানের দায়িত্ব পালন করব। আপনার প্রকৃত খুনিদের এবং মাস্টারমাইন্ডদের শাস্তি নিশ্চিত করব, ইনশাআল্লাহ।’

এর আগে বুধবার (১৫ জুলাই) রাত পৌনে ১০টার দিকে মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে জাহাঙ্গীর ও তার সহযোগী হাদিসের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার তিনজনই বরগুনার বামনা উপজেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তাদের ঢাকা থেকে ভাড়া করে এনে হত্যাকাণ্ডে অংশ নেওয়ানো হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, মিঠামইন সদরের কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা সরকারি ২০টি গাছ কাটার অভিযোগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপি জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্যপদ ও উপজেলা সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত করে। ওই ঘটনায় তিনি কিছুদিন কারাগারেও ছিলেন।পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ৫ জুলাইয়ের চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে চিঠিটি তার হাতে পৌঁছানোর আগেই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন তিনি।