ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
সময়: ১১:৫২:৩৫ PM

হামলা হলে চরম প্রতিশোধ, হুঁশিয়ারি তেহরানের

ডেস্ক রিপোটার।।ঢাকাপ্রেস২৪.গেম
03-07-2026 08:08:23 PM
হামলা হলে চরম প্রতিশোধ, হুঁশিয়ারি তেহরানের

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। জানাজা চলাকালে কোনো ধরনের হামলা হলে তার ‘চরম প্রতিশোধ’ নেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর খাতাম আল-আম্বিয়ার ভারপ্রাপ্ত কমান্ডার আলি আবদুল্লাহ। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা হামলার জবাবে দেশটির সশস্ত্র বাহিনী কঠোর প্রতিক্রিয়া জানাতে পুরোপুরি প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কোনো ধরনের ‘ভুল পদক্ষেপ’ না নেওয়ারও আহ্বান জানান তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর দিনই নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। চার মাসেরও বেশি সময় মরদেহ সংরক্ষণের পর শুক্রবার রাজধানী তেহরানে রাষ্ট্রীয় জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

আগামী ৯ জুলাই খামেনিকে তাঁর নিজ শহর মাশহাদে দাফন করা হবে। তেহরানসহ পাঁচটি শহরে শেষ বিদায়ের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে দেড় কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে ইরান। বিপুল জনসমাগমের কারণে সম্ভাব্য হামলার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না দেশটি।

নিরাপত্তাজনিত কারণে বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বাবার জানাজার অনুষ্ঠানে সরাসরি অংশ নেবেন না বলে বৃহস্পতিবার জানানো হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে তাঁকে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হলেও তিনি মার্কিন হামলায় গুরুতর আহত হয়েছেন বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, খামেনির শেষকৃত্যকে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থান জোরালোভাবে তুলে ধরার কৌশল হিসেবে ব্যবহার করছে তেহরান। একই সময়ে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দেশটির ২৫০তম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা চলায় বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব পাচ্ছে।