রাজধানীর মহাখালীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সোয়া ৯টার দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।তবে আটক তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মহাখালীর আইসিডিডিআরবি এলাকার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হন।
পরে তারা মহাখালী বাস টার্মিনালের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। মিছিলটি টার্মিনাল এলাকায় পৌঁছালে মহিলা লীগের কয়েকজন সদস্যও এতে যোগ দেন।
এক পর্যায়ে মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তারা দ্রুত সেখান থেকে সরে যান। ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী মিছিল করেছে। তারা ৪ থেকে ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। পরে অভিযান চালিয়ে মিছিল থেকে তিনজনকে আটক করা হয়েছে।”
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।