ময়মনসিংহের ত্রিশালে দরিরামপুর ধরার খাল পুনঃখনন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে ময়মনসিংহে এটি তার প্রথম সফর।খাল খনন কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ করেন। শনিবার (২৩ মে) দুপুর ২টা ২২ মিনিটে প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচিতে পৌঁছালে দলীয় নেতারা তাকে স্বাগত জানান।এ সময় উপস্থিত ছিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, জামালপুরের এমপি শাহ ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ-৪ আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের এমপি জাকির হোসেন বাবলু, গফরগাঁওয়ে এমপি আকতারুজ্জামান বাচ্চু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন প্রমুখ।
এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাতসহ ময়মনসিংহ জেলা ও ত্রিশাল উপজেলা বিএনপির নেতারা।
এদিকে কর্মসূচিস্থলে পৌঁছেই কোদাল হাতে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সরকারি কর্মকর্তা এবং দলীয় নেতারা অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রথম ত্রিশাল সফরকে ঘিরে উপজেলাজুড়ে গড়ে তোলা হয় কঠোর নিরাপত্তা বলয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তৎপর রয়েছে পুলিশ, র্যাব ও এসএসএফ সদস্যরা। এরপর বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতিবিজড়িত ত্রিশালের নজরুল মঞ্চে কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩, ২৪ ও ২৫ মে আয়োজিত এ উৎসব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।