ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬,
সময়: ০৫:৩০:৫৬ PM

আরামবাগকে হারিয়ে মোহামেডানের জয়

এমডি আসাদুল্লাহ,সিনিয়র রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
09-05-2026 09:24:28 PM
আরামবাগকে হারিয়ে মোহামেডানের জয়

বাংলাদেশ ফুটবল লিগের ফিরতি পর্বের ম্যাচে আরামবাগকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ শনিবার মানিকগঞ্জে অনুষ্ঠিত এ ম্যাচে গোলরক্ষক আজাদ হোসেনের দুর্দান্ত নৈপুণ্যে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে সৌরভ দেওয়ান এবং বদলি খেলোয়াড় রহিম উদ্দিনের লক্ষ্যভেদে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নেয় সাদাকালো শিবির।প্রথম লেগে দল দুটির লড়াই ১-১ ড্রয়ে মীমাংসা হয়েছিল। এই জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে আব্দুল কাইয়ুম সেন্টুর শিষ্যরা।১৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। অন্যদিকে, সমান ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনের ঠিক ওপরে অর্থাৎ অষ্টম স্থানে ভুগছে আরামবাগ।
লিগ টেবিলে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস এবং ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মোহামেডান।

অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তারা, কিন্তু জুয়েল মিয়ার পাস থেকে স্যামুয়েল বোয়াটেংয়ের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর আরামবাগের গোলরক্ষক আজাদ হোসেন যেন চীনের প্রাচীর হয়ে ওঠেন। ৪০ মিনিটে শান্তর থ্রু পাস থেকে সৌরভের একটি বিপজ্জনক আক্রমণ আজাদ দারুণ ক্ষিপ্রতায় নস্যাৎ করেন এবং কিছুক্ষণ পরেই আরিফের জোরালো শটও রুখে দেন।
এর আগে ১৮ মিনিটে মাঠে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বলের দখল নিতে গিয়ে মোহামেডানের মিনহাজ রাকিবের পা আরামবাগের ঘানাইয়ান ফুটবলার ল্যানটেই মিলসের বুকে আঘাত করে। মিলস আহত হয়ে মাঠের বাইরে চিকিৎসা নিলেও রেফারি কোনো ফাউলের বাঁশি বাজাননি। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আরামবাগও একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করে। মিলসের ক্রসে বক্সের ভেতর ফাঁকায় বল পেয়েও ঘানার ফরোয়ার্ড কুয়ামে কিজিতো হেড করে বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন।

বিরতির পর মোহামেডান আরও ধারালো হয়ে ওঠে। ৫০ মিনিটে আজাদ আরও একবার দলকে রক্ষা করলেও, ৫১ মিনিটে আর পারেননি। সাইফুলের বাড়ানো বল বোয়াটেং ও গোলরক্ষক আজাদ কেউই ক্লিয়ার করতে না পারায় বল পেয়ে যান সৌরভ। ফাঁকা পোস্টে বল জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ম্যাচের ৭৫ মিনিটে মোহামেডানের জয় নিশ্চিত হয়। ডান প্রান্ত দিয়ে দারুণ ক্ষিপ্রতায় বক্সে ঢুকে আরিফ বল কাটব্যাক করেন, যা থেকে মাত্র ১০ মিনিট আগে বদলি হিসেবে নামা রহিম উদ্দিন নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন। বাকি সময় আরামবাগ আর ঘুরে দাঁড়াতে না পারায় সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

দিনের অপর এক ম্যাচে রাজশাহীতে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করে তারা জয় তুলে নেয়। ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় জাভেদ আহমেদের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল রহমতগঞ্জ। তবে ৩৫ মিনিটে ব্রাদার্সকে সমতায় ফেরান পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্ত। দ্বিতীয়ার্ধের শুরুতে রহমতগঞ্জের শাহিন আহমেদ নিজেদের জালে বল জড়ালে আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে তার দল। এরপর ৭১ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ব্রাদার্সের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন শায়েক। এই পরাজয়ের ফলে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে পুরান ঢাকার দল রহমতগঞ্জ। অন্যদিকে, দারুণ এই জয়ে ১৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে ব্রাদার্স ইউনিয়ন।