ইরানের তেলসম্পদের গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং দেশটির অর্থনীতির ‘মেরুদণ্ড’ হিসেবে পরিচিত খার্গ দ্বীপ দখলের বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৯ মার্চ) ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সত্যি বলতে কী, আমার সবচেয়ে পছন্দের কাজ হলো ইরান থেকে তেল নেওয়া। কিন্তু আমি যদি তা শুরু করি, তাহলে যুক্তরাষ্ট্রের কিছু নির্বোধ লোক বলবে আপনি এটা কেন করছেন?খার্গ দ্বীপ দখলের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, আমরা খার্গ দ্বীপের দখল নিতে পারি, আবার নাও নিতে পারি।এমনও হতে পারে, আমরা দ্বীপটির দখল নিয়ে সেখানে কিছু সময় অবস্থান করব। আমাদের হাতে অনেক বিকল্প রয়েছে। দ্বীপটিতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প দাবি করেন, আমার মনে হয় না খার্গ দ্বীপে ইরানের কোনো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। আমরা খুব সহজেই সেটির দখল নিতে পারি।
উল্লেখ্য, ইরান বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ। বিবিসির তথ্য অনুযায়ী, দেশটির তেল মজুদের পরিমাণ প্রায় ২০৮ দশমিক ৬ বিলিয়ন ব্যারেল, যা বিশ্বের মোট মজুদের প্রায় ১১ দশমিক ৮২ শতাংশ। ভেনেজুয়েলা ও সৌদি আরবের পর এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের মজুদ। ইরানের অর্থনীতি ব্যাপকভাবে তেল রপ্তানির ওপর নির্ভরশীল, যার বড় একটি অংশ (প্রায় ৯০ শতাংশ) চীনে রপ্তানি করা হয়।পারস্য উপসাগরে ইরানের উপকূল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত এবং হরমুজ প্রণালির উত্তর-পশ্চিমে অবস্থিত প্রায় ৫ বর্গমাইল আয়তনের খার্গ দ্বীপ দেশটির জ্বালানি বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। ইরানের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল ও তরল গ্যাস এই দ্বীপ থেকেই বিশ্ববাজারে রপ্তানি করা হয়। কৌশলগত দিক থেকেও দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র: বিবিসি