ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬,
সময়: ০২:২৭:৫১ AM

দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ আটক ৩

ডেস্ক রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
21-07-2026 08:00:47 PM
দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ আটক ৩

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। এ সময় তার বোন ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবকেও আটক করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিরোধী নেতারা। পুলিশ তাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিলেও তারা অবস্থান অব্যাহত রাখেন। পরে পুলিশ তাদের জোরপূর্বক সরিয়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। এ ছাড়া আরও কয়েকজন কংগ্রেস নেতা-কর্মীকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে সোমবার ভারতের সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পথযাত্রায় পুলিশের অভিযানের প্রতিবাদে কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী দলের নেতারা রাজপথে বিক্ষোভ করেন। তারা শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, "গতকাল তরুণ শিক্ষার্থীদের ওপর পুলিশ যে নৃশংসতা ও বলপ্রয়োগ করেছে, সে বিষয়ে সরকারের কাছে জবাব চাইতে আমরা প্রধানমন্ত্রী মোদির বাসভবন পর্যন্ত গণমিছিল করেছি।"

তিনি আরও অভিযোগ করেন, "সরকার কোনো দায় নিতে চায় না, কিংবা সংসদে এ নিয়ে কোনো গঠনমূলক বিতর্কেও রাজি নয়। ভারতের কোটি কোটি যুবকের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবিলম্বে পদত্যাগ করা উচিত।"

শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগে কেন্দ্রের বিজেপি-নেতৃত্বাধীন সরকারকে দায়ী করে কংগ্রেস নেতা-কর্মীরা মোদিবিরোধী বিভিন্ন স্লোগান দেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের মতো উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকায় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অন্যান্য বিরোধী নেতাদের এই বিক্ষোভ ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।