ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬,
সময়: ১০:৪৬:১০ PM

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
11-07-2026 09:31:00 PM
ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনাকবলিত একটি ডিমবাহী পিকআপ উদ্ধারকাজ চলাকালে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে একটি ডিমবাহী পিকআপ মহাসড়কে উল্টে গেলে সেটি উদ্ধারের জন্য পুলিশ রেকার নিয়ে ঘটনাস্থলে যায়। উদ্ধারকাজ চলাকালে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের উদ্ধারকাজে অংশ নেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা কয়েকটি বাসে ভাঙচুর চালায়। এ সময় অন্তত একটি বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, তাৎক্ষণিকভাবে ৫ জনের মৃত্যুর খবর পেয়েছি। তবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।