বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতাসীন দল, বিরোধী রাজনীতি, তৃণমূল কর্মীদের মনস্তত্ত্ব এবং জনগণের প্রত্যাশা—সবকিছু মিলিয়ে দেশ এখন এক জটিল কিন্তু গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সাম্প্রতিক সময়ে বিএনপি-সমর্থিত সরকারের কয়েকজন প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে “কিছু” স্লোগান ওঠার ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনা, ত্যাগী নেতাকর্মীদের হতাশা, প্রত্যাশা এবং নেতৃত্বের সঙ্গে তৃণমূলের দূরত্বের বহিঃপ্রকাশ।
বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি গত প্রায় দেড় যুগ ধরে কঠিন রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে পথ চলেছে। মামলা, হামলা, গুম, গ্রেপ্তার, জেল-জুলুম এবং রাজনৈতিক নির্যাতনের মধ্য দিয়েও দলটি সাংগঠনিকভাবে টিকে আছে মূলত তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ, ধৈর্য এবং আদর্শিক অবস্থানের কারণে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এত দীর্ঘ সময় ধরে দমন-পীড়নের মুখে থেকেও বিএনপি পুরোপুরি দুর্বল হয়ে পড়েনি, কারণ মাঠপর্যায়ের কর্মীরা দলকে ধরে রেখেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের আবেগও দলটির অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচিত হয়।
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর যখন কোনো রাজনৈতিক দল রাষ্ট্রক্ষমতায় আসে, তখন স্বাভাবিকভাবেই তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা বেড়ে যায়। তারা আশা করেন, আন্দোলনের সময়কার ত্যাগের মূল্যায়ন হবে, নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বাড়বে এবং রাজনৈতিকভাবে সম্মানজনক অবস্থান তৈরি হবে। কিন্তু যখন তারা অনুভব করেন যে নেতৃত্ব ও সাধারণ কর্মীদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, তখন সেই হতাশা ধীরে ধীরে ক্ষোভে রূপ নেয়। সাম্প্রতিক স্লোগানবাজির ঘটনাকে অনেকে সেই ক্ষোভের প্রকাশ হিসেবেই দেখছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আন্দোলনের সময় যেসব নেতাকর্মী জীবনবাজি রেখে রাজপথে ছিলেন, মামলা-হামলার শিকার হয়েছেন কিংবা পরিবার ও জীবিকা হারিয়েছেন—তাদের একটি বড় অংশ এখন নিজেদের অবহেলিত মনে করছেন। তারা মনে করেন, দলের উচ্চপর্যায়ের নেতৃত্ব কিংবা ক্ষমতার কেন্দ্রের সঙ্গে তাদের সম্পর্ক ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। ফলে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে জনসম্মুখে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিএনপি কর্মী আতাউর রহমান বলেন, “দল ক্ষমতায় আসার পর নেতাদের কাছে যাওয়া যায় না। দেখা পাওয়া তো দূরের কথা, কোনো বিষয়ে কথা বলার সুযোগও হয় না। আন্দোলনের সময় যারা মাঠে ছিল, এখন তাদের গুরুত্ব কমে গেছে।”
একই ধরনের অভিযোগ উঠে এসেছে রাজধানীর ডেমরা এলাকা থেকেও। স্থানীয় বিএনপি কর্মী রহমান বলেন, “নির্বাচনের আগে নেতা নিয়মিত যোগাযোগ রাখতেন। কিন্তু নির্বাচনে হেরে যাওয়ার পর এখন আর তাকে পাওয়া যায় না। কয়েকবার দেখা করতে গিয়েও ফিরে আসতে হয়েছে। সাধারণ কর্মীদের কথা শোনার সময় যেন এ কন আর কারও নেই।”
রাজনৈতিক সমাজবিজ্ঞানীদের মতে, কোনো রাজনৈতিক দলের মূল শক্তি তার তৃণমূল সংগঠন। নেতৃত্ব যত জনপ্রিয়ই হোক না কেন, মাঠপর্যায়ের কর্মীরা যদি বিচ্ছিন্ন হয়ে পড়েন, তাহলে দল দীর্ঘমেয়াদে সাংগঠনিক দুর্বলতার মুখে পড়ে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসও সেই বাস্তবতার সাক্ষ্য বহন করে। অতীতে বড় বড় রাজনৈতিক পরিবর্তনের পেছনে সাধারণ কর্মীদের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুনাবলীর কথা উঠছে। সমর্থকদের একটি অংশ মনে করেন, তিনি জনগণকে শাসনের উপাদান হিসেবে নয়, বরং রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে দেখার চেষ্টা করছেন। গত কয়েক মাসে বিভিন্ন সমালোচনা, বিরূপ মন্তব্য এবং রাজনৈতিক চাপে থেকেও সরকারের পক্ষ থেকে তুলনামূলক সংযত প্রতিক্রিয়া এসেছে বলে অনেকে মনে করছেন। কেউ কেউ এটিকে রাজনৈতিক সহনশীলতার উদাহরণ হিসেবেও দেখছেন। তবে একই সঙ্গে প্রশ্ন উঠছে—এই সহনশীলতার সুযোগ নিয়ে দলের ভেতরে বা বাইরে কোনো গোষ্ঠী কি ইচ্ছাকৃতভাবে সরকার ও নেতৃত্বকে বিব্রত করার চেষ্টা করছে?
বিশ্লেষকদের মতে, ক্ষমতাসীন দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিরোধী দল নয়; বরং নিজেদের অভ্যন্তরীণ অসন্তোষ নিয়ন্ত্রণ করা। দীর্ঘ আন্দোলনের পর ক্ষমতায় আসা দলগুলোর ভেতরে প্রত্যাশার চাপ অনেক বেশি থাকে। পদ-পদবি, প্রশাসনিক সুযোগ, রাজনৈতিক মূল্যায়ন এবং অর্থনৈতিক প্রভাব—সবকিছু ঘিরেই অভ্যন্তরীণ প্রতিযোগিতা তৈরি হয়। এই বাস্তবতায় ত্যাগী কর্মীদের একটি অংশ যদি নিজেদের বিচ্ছিন্ন মনে করেন, তাহলে তা ভবিষ্যতে বড় রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে।
রংপুরের বিএনপি কর্মী করিম উল্লাহ বলেন, “এক যুগের বেশি সময় ধরে বিএনপি করছি। আন্দোলনের সময় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। কিন্তু এখন দল ক্ষমতায় আসার পর অনেক নেতা সাধারণ কর্মীদের থেকে দূরে সরে গেছেন। তাদের সঙ্গে কথা বলার সুযোগও হয় না। এতে অনেক কর্মী হতাশ হয়ে পড়ছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের প্রভাব অত্যন্ত শক্তিশালী। তবে শুধু শীর্ষ নেতৃত্বের জনপ্রিয়তা দিয়ে দীর্ঘমেয়াদে একটি দল পরিচালনা করা সম্ভব নয়। দলীয় কাঠামোকে কার্যকর রাখতে হলে তৃণমূল সংগঠনকে সক্রিয়, সম্পৃক্ত এবং সম্মানিত করতে হবে। অন্যথায় জনসমর্থন ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। সাম্প্রতিক ঘটনাগুলো সেই বাস্তবতারই একটি সতর্কবার্তা।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক কর্মীদের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের কারণে বহু নেতাকর্মী চাকরি হারিয়েছেন, ব্যবসা হারিয়েছেন, এমনকি পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়েছেন। তারা মনে করেন, রাজনৈতিক পরিবর্তনের পর অন্তত মানবিক স্বীকৃতি এবং ন্যূনতম নিরাপত্তা পাওয়ার অধিকার তাদের রয়েছে। কিন্তু যখন তারা দেখেন নতুন ক্ষমতাকাঠামোতে তাদের অবস্থান সীমিত, তখন হতাশা আরও গভীর হয়। এই হতাশা কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে, কখনো জনসমাবেশে, আবার কখনো স্লোগানের মাধ্যমে প্রকাশ পায়।
নারায়ণগঞ্জের স্থানীয় বিএনপি সমর্থক মধু মিয়া বলেন, “দীর্ঘদিন পর বিএনপি ক্ষমতায় এসেছে। ভেবেছিলাম কর্মীদের দিন বদলাবে। কিন্তু এখন নেতাদের সঙ্গে দেখা করাও কঠিন হয়ে গেছে। অনেক নেতা নিজেরাই পদ না পাওয়ায় হতাশ। ফলে কর্মীদের খোঁজখবরও আগের মতো রাখছেন না।”
বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিএনপি নেতৃত্বের উচিত তৃণমূলের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি করা। শুধু কেন্দ্রীয় নেতাদের বক্তব্য বা প্রশাসনিক সিদ্ধান্ত দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। বরং মাঠপর্যায়ের নেতাকর্মীদের অভিযোগ শোনা, তাদের অভিজ্ঞতার মূল্যায়ন করা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রাখাও জরুরি। কারণ রাজনৈতিক অসন্তোষ যদি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, তাহলে তা বিরোধীদের জন্য রাজনৈতিক সুযোগ তৈরি করতে পারে এবং সরকারের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি সরকারের জন্য যেমন একটি সতর্কবার্তা, তেমনি এটি রাজনৈতিক পরিপক্বতারও একটি পরীক্ষা। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের সমালোচনা স্বাভাবিক ও প্রয়োজনীয়। তবে রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তিগত অপমান, প্রকাশ্য হেয়প্রতিপন্ন করা কিংবা উত্তেজনাকেন্দ্রিক প্রতিক্রিয়া দীর্ঘমেয়াদে রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে। আবার জনগণের আবেগ ও ক্ষোভকে সম্পূর্ণ উপেক্ষা করাও ঝুঁকিপূর্ণ। ফলে সরকার, দলীয় নেতৃত্ব এবং তৃণমূল কর্মীদের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
রাজনৈতিক ইতিহাস বারবার দেখিয়েছে, কোনো দলের সাংগঠনিক শক্তি কেবল কেন্দ্রীয় নেতৃত্বের ওপর নির্ভর করে না; বরং সাধারণ কর্মীদের ত্যাগ, আস্থা এবং অংশগ্রহণের ওপরই তার ভিত্তি দাঁড়িয়ে থাকে। রাজপথের আন্দোলন, গণসংযোগ, রাজনৈতিক প্রতিরোধ—সবক্ষেত্রেই তৃণমূল কর্মীরাই মূল চালিকাশক্তি। তাই তাদের অবমূল্যায়ন করা কোনো রাজনৈতিক দলের জন্যই ইতিবাচক বার্তা বহন করে না। বরং তাদের সম্মান, মর্যাদা এবং রাজনৈতিক অংশীদারিত্ব নিশ্চিত করাই দীর্ঘমেয়াদে দলীয় স্থিতিশীলতার প্রধান শর্ত।
সবশেষে বলা যায়, সাম্প্রতিক “এসব” স্লোগানের ঘটনাগুলো কেবল ক্ষণিকের উত্তেজনা নয়; বরং এটি একটি গভীর রাজনৈতিক বার্তা বহন করছে। এই বার্তায় যেমন রয়েছে তৃণমূলের হতাশা ও ক্ষোভ, তেমনি রয়েছে নেতৃত্বের প্রতি তাদের প্রত্যাশা। বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করতে হলে দলকে অবশ্যই তাদের আন্দোলনের প্রকৃত শক্তি—সাধারণ নেতাকর্মীদের—পাশে দাঁড়াতে হবে। কারণ শেষ পর্যন্ত রাজনীতির ভিত্তি গড়ে ওঠে জনগণের আস্থা, অংশগ্রহণ এবং ত্যাগের ওপরই।