ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬,
সময়: ০৮:৩৮:২২ PM

ট্রাফিক পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের সাজা

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
08-06-2026 08:38:22 PM
ট্রাফিক পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের সাজা

রাজধানীর হোটেল সোনারগাঁও সিগন্যাল এলাকায় ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর, দায়িত্ব পালনে বাধা এবং তার মোবাইল ফোন ভাঙচুরের ঘটনায় নারীসহ তিনজনকে সাজা দিয়েছেন আদালত।সাজাপ্রাপ্তরা হলেন আফিয়া কনক (৪৫), শামসুজ্জামান (৫১) ও রাজু আহমেদ (২৯)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শনিবার এ আদেশ দেন।ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে হাতিরঝিলের হোটেল সোনারগাঁওয়ের বহির্গমন গেট থেকে দুটি গাড়ি মূল সড়কে বের হয়। এ সময় সোনারগাঁও সিগন্যালের উত্তর পাশের যানবাহন চলাচলের সিগন্যাল চালু থাকায় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল শামীম মিয়া গাড়ি দুটিকে পেছনে যেতে বলেন। কিন্তু গাড়িটি ট্রাফিক সিগন্যাল অমান্য করে জোরপূর্বক সামনে এগোতে থাকে। এ সময় গাড়ি থেকে চার থেকে পাঁচজন নেমে এসে দায়িত্বরত পুলিশ সদস্যকে বলেন, গাড়িতে ভিআইপি আছেন, তাই পেছানো যাবে না।

একপর্যায়ে ট্রাফিক কনস্টেবল শামীম মিয়া আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে গাড়িটির নম্বরপ্লেটের ভিডিও ধারণ করতে গেলে আফিয়া কনক নামে এক নারী গাড়ি থেকে নেমে পুলিশ সদস্যের মোবাইল ফোনটি ছিনিয়ে নেন এবং রাস্তায় ছুড়ে মেরে ভেঙে ফেলেন। একই সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধর করা হয়।

ঘটনার পরপরই গাড়িটি আটক করা সম্ভব না হলেও এর সঙ্গে জড়িত অতিথি গ্রুপের দুই নিরাপত্তাকর্মী রাজু আহমেদ ও শামসুজ্জামানকে আটক করা হয়। পরে তাদের হাতিরঝিল থানায় সোপর্দ করে পুলিশ। এরপর এ ঘটনার মূল হোতা আফিয়া কনকসহ তিনজনকে তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে ম্যাজিস্ট্রেট শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে সড়ক পরিবহন আইনের ধারায় আফিয়া কনককে ১০ হাজার টাকা এবং রাজুকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত শামসুজ্জামানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।