রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। পরে ইউনিট দুটি আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লাল-সাদা রঙের বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় বাসটি থেকে নির্গত ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া গেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।